২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মামলা

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

গাজীপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৯ জুন জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। ওইদিনই মামলাটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান, সাবেক নিবন্ধক ফিরোজ আহমদ আখতার, ভারপ্রাপ্ত নিবন্ধক মোল্যা মাহফুজ আল হোসেন, প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল, সহকারী নিবন্ধক মো. সিদ্দিকুর রহমান, উপ-নিবন্ধক ফাহিমা সুলতানা, সহকারী-নিবন্ধক দিলরুবা বেগম, বেতন ও কল্যাণ শাখার সহকারী পরিচালক মো. শাহাবুদ্দীন ও শেখ মুহাম্মদ মুফাজ্জল হুসাইন এবং কর্মকর্তা মো. আবুল হোসেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে এবং ক্ষমতার অপব্যবহার করে সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদের সময়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এক হাজার দুইশ‘ ২২ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৫৯ জনকে সিলেকশন গ্রেড দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কোটি চার লাখ ৬৩ হাজার টাকা আত্মসাৎ করেন এই আসামীরা। অধ্যাপক আফতাব আহমাদের সময়ের অবৈধ গণনিয়োগ ও দুর্নীতির বিষয়টি বাদী ২০০৯ সালের ৩০ মার্চ কার্যপ্রণালী বিধি অনুসারে জাতীয় সংসদের স্পিকারকে লিখিতভাবে জানালে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১০ সালের ১৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ওই সময়ের নিয়োগ, পদোন্নতি, স্থায়ীকরণ, শিক্ষা ছুটির জন্য মনোনয়ন ও দক্ষতা সীমা অতিক্রম সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশ লঙ্ঘণ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে সিলেকশন গ্রেডস্কেল দিয়ে বেতন বর্ধিত করে। সাংসদ মোজাম্মেল এজাহারে বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুল পরিমান টাকা অপচয় হওয়ায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৩৪০ঘ.