ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষর্থীদের অনলাইন আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
রোববার বেসিস বোর্ড রুমে এক এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আউটসোর্সিং বিষয়ে কর্মশালা আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই ধরনের কর্মশালা আয়োজন করা হবে।
বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, অনলাইনে অর্থ উপার্জন বা অনলাইন আউটসোর্সিংয়ের নামে অসংখ্য তরুণ ছাত্র ও যুব সম্প্রদায়কে নানামুখী প্রলোভন দেখিয়ে বিভিন্ন সংগঠন প্রশিক্ষণের নামে প্রতারণা করছে। কিছু এমএলএম কোম্পানিও জড়িত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অনেকেই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই অমিত সম্ভাবনাময় খাত যেন অসৎ মানুষের জন্য অশনি সংকেত হিসেবে দেখা না দেয় সে ব্যাপারে সবাইকে বিশেষ সতর্ককতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি ফাহিম মাশরুর এবং যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিক স্পন্দন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১০২ ঘ.
bdnews24