ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ক্যাথলিক চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড ও ছয়টি ‘ধর্ম প্রদেশ’র প্রতিনিধিদের সঙ্গে এক সভায় মন্ত্রী বলেন, “ক্যাথলিক চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার মানের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়তে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।”
নটরডেম, হলিক্রস, সেন্ট যোসেফ, সেন্ট গ্রেগরী স্কুলসহ ক্যাথলিক চার্চ পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা করে এগুলোর মান উন্নয়নে সরকারের পাশাপাশি ক্যাথলিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সভায় ক্যাথলিক চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ক্যাথলিক প্রধানই যোগ্যতা সম্পন্ন ‘ব্রাদার ও সিস্টারের’ নাম প্রস্তাব করতে পারবেন বলে জানানো হয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত খ্রিস্টান ধর্মীয় পাঠ্যপুস্তক সংখ্যায় কম হওয়ায় জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে না পাঠিয়ে ক্যাথলিক শিক্ষা বোর্ডের মাধ্যমে বিতরণের প্রস্তাব করেন সংশ্লিষ্টরা; মন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন।
ক্যাথলিক চার্চ পরিচালনায় বাংলাদেশে তিনটি কলেজ, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি নিু মাধ্যমিক বিদ্যালয় এবং পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন এবং বিভিন্ন ক্যাথলিক স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭২৬ ঘ.
bdnews24