ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত নতুন দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ কাজে যোগ দিয়েছেন।
শনিবার সকালে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন আহমাদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হুসাইন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম দুজন উপ-উপাচার্য একসঙ্গে দায়িত্ব পালন করছেন।
নাসরিন ও সহিদ দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সঙ্গে যুক্ত।
১৯৪৯ সালে জন্ম নেওয়া নাসরিন ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তার আগে বদরুন্নেসা কলেজে পড়াতেন তিনি।
নাসরিন ১৯৭০-৭১ সালে ডাকসুর কমনরুম সম্পাদক ছিলেন। জেরিনা আহমেদ ছদ্মনামে ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পড়তেন তিনি ।
সহিদ আকতার এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৫৫ সালে জন্ম নেওয়া সহিদ ১৯৭৬ সালে øাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
দুই উপ-উপাচার্যের পাশাপাশি কোষাধ্যক্ষ পদে দায়িত্ব নিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দীন। তিনি সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমানেরর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
১৯৬৭ সালে জন্ম নেওয়া কামাল উদ্দীন ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ। নীল দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণ করার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা তিনজনকে অভিনন্দন জানান।
গত ৫ জুন অধ্যাপক হারুন-অর রশিদের পদত্যাগের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নাসরিন ও সহিদকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
একই দিন কোষাধ্যক্ষ মীজানুর রহমানও পদত্যাগ করায় কামাল উদ্দীনকে তার স্থলে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮১২ ঘ.
bdnews24