রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী ডিজিটাল ভুমি পরিমাপক যন্ত্র আবিষ্কার করেছেন।
আল হেলাল পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমি অথবা যেকোনো পরিমাপক হিসেবে সাধারণভাবে আমারা ফিতা বা স্কেলের ব্যবহারকেই বুঝি।
“এতে সময়ের যেমন অপচয় হয়, তেমনি নির্ভুলভাবে পরিমাপও সম্ভব হয় না।
“আর যেসব জায়গায় ফিতা বা চেইন নিয়ে মাপা সম্ভব নয়, (যেমন- নদীর ভিতরে, কোনো সেতুর উচ্চতা কিংবা কোনো উঁচু ভবনের দৈর্ঘ্য) সেখানে দূর থেকেই মাত্র কয়েকটি বাটন চেপেই নির্ভুলভাবে নির্ণয় করা যাবে।”
তিনি আরো বলেন, এই যন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হল দূরত্বটি প্রদর্শিত হবে ডিজিটাল ডিসপ্লেতে। তাই অত্যন্ত সূক্ষ্ম এমনকি দশমিকের পর ৪-৫ ঘর পর্যন্ত মান নেওয়া যাবে, যা ফিতা দিয়ে মেপে বের করা প্রায় অসম্ভব।
যন্ত্রের কারিগরি দিক প্রসঙ্গে তিনি বলেন, দেশি প্রযুক্তিতে এ যন্ত্র তৈরিতে ব্যবহৃত হয়েছে সি প্রোগামিং এবং মাইক্রোপ্রসেসর চিপ। ফলে উৎপাদন খরচও অনেক কম। মাত্র দুই-তিন হাজার টাকার মধ্যেই এটি তৈরি করা সম্ভব।
এ যন্ত্রটি আবিষ্কারে প্রত্যক্ষ ভূমিকায় ছিলেন ওই বিভাগের শিক্ষক ড. কামরুজ্জামান নয়ন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিজিটাল যুগে পরিমাপে ফিতা বা স্কেলের ধারণা থেকে বের করে আনার জন্যই হেলালের এ প্রচেষ্টা। এ কাজে হেলাল সফল হয়েছেন।
রুয়েটের উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী এ আবিষ্কার প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৃষ্ঠপোষকতা পেলে এ যন্ত্রকে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে।
বাণিজ্যিকভাবে এর উৎপাদন করা গেলে বিভিন্ন জরিপে ব্যবহার করা যাবে। খরচও অনেক কম হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৮ ঘ.
bdnews24