ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ) তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে।
মঙ্গলবার সচিবালয়ে ভারপ্রাপ্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুকের সঙ্গে সংগঠন দুটির নেতারা বৈঠকের পর কর্মসূচি স্থগিত করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গত ৮ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেন পলিটেকনিকের শিক্ষকরা।
দাবি আদায়ে আগামী ২ থেকে ৭ জুন কর্মবিরতি এবং ২৪ জুন থেকে অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন সংগঠন দুইটির নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারপ্রাপ্ত শিক্ষাসচিবের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে বাপশিস ও বাপশিপ তাদের আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করেছে।”
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইকবাল খান চৌধুরী, অতিরিক্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা) মোহাম্মদ আতোয়ার রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা, কারিগরি অধিদপ্তরের পরিচালক খান রিজাউল করিম, আ ন ম সালাহউদ্দিন খান ও মো. আলমগীর হোসেন, বাপশিস এর সভাপতি মো ইদরীস আলী ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার এবং বাপশিপ সভাপতি মো. আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৬৫৯ ঘ.
bdnews24