২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের সরকারিকরণে ব্যয় ৪৮২ কোটি টাকা

নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি সরকারিকরণ করার এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে তিন বছরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 08:11 AM

Updated : 25 Apr 2022, 09:22 PM

আগামী অর্থবছর থেকেই দেশের সব নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হচ্ছে, যার জন্য প্রতিবছর অতিরিক্ত ব্যয় হবে ৪৮২ কোটি টাকা।

শিক্ষকদের চাকরি সরকারিকরণ করার এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে তিন বছরে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী জুলাই মাসের যে কোনো দিন ঢাকায় শিক্ষক মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারিকরণের ঘোষণা দেবেন।”

শিক্ষকদের জোরালো আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের চাকরি সরকারিকরণের আশ্বাস দেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ২২ হাজার ৯৬১টি বেসরকারি রেজিস্ট্রার্ড প্রাথমিক এবং ৬৫৩টি কমিউনিটি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট এক লাখ ৮৮৩ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ হাজার ৪৫৯ জন শিক্ষকের মধ্যে ১৯ হাজার ১৬৭ জন প্রধান শিক্ষক এবং ৮০ হাজার ২৯২ জন সহকারি শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন এক হাজার ৪২৪ জন শিক্ষক।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণবিহীন সহকারি শিক্ষকরা চার হাজার ৭০০ টাকা স্কেলে এবং প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকরা চার হাজার ৯০০ টাকা স্কেলে বেতন পাচ্ছেন। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক পাঁচ হাজার ২০০ টাকা স্কেলে এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা পাঁচ হাজার ৫০০ টাকা স্কেলে বেতন পান।

মূল স্কেলের বাইরে বর্তমানে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা ৫৫-৬৫ শতাংশ বাড়ি ভাড়া, ৭০০ টাকা চিকিৎসা ভাতা, ১৫০ টাকা টিফিন ভাতা, ১৫০ টাকা যাতায়াত ভাতা, তিনটি টাইম স্কেল, দুইটি উৎসব বোনাস এবং পেনশন ভোগ করছেন।

রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি শিক্ষকরা একই স্কেলে শুধু মূল বেতন পাচ্ছেন। বাড়ি ভাড়া বাবদ দুই শ’ টাকা এবং চিকিৎসা ভাতা বাবদ দুইশ টাকা ছাড়া অন্য কোনো ভাতা পাচ্ছেন না।

বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের জাতীয়করণের পর সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মতো তারাও সব ধরনের ভাতা পাবেন জানিয়ে মোতাহার বলেন, এক্ষেত্রে তাদের বাড়িভাড়া বাবদ ২৭৮ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা, চিকিৎসা ভাতা বাবদ ৬০ কোটি ৫২ লাখ ৯৮ হাজার কোটি টাকা, উৎসব ভাতা বাবদ ৮৮ কোটি ৫৮ লাখ ১৮ হাজার কোটি টাকা, টিফিন ভাতা বাবদ ১৮ কোটি ১৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা এবং শিক্ষা ভাতা বাবদ ৩৬ কোটি ৩১ লাখ ৭৮ হাজার কোটি টাকা অতিরিক্তি ব্যয় হবে।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেছনে বর্তমানে সরকারের ব্যয় হচ্ছে ৬৩৬ কোটি টাকা। শিক্ষকদের জাতীয়করণের পর এই খরচ ৪৮২ কোটি ২৭ লাখ ২৯ হাজার ২৩২ টাকা বেড়ে দাঁড়াবে এক হাজার ১১৮ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকা।

তিন বছরে বাস্তবায়ন মোতাহার হোসেন বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সরকারিকরণের পুরো প্রক্রিয়া তিন বছরের মধ্যে বাস্তবায়ন করবে সরকার।

তিনি বলেন, ২০১২-১৩ অর্থবছরে শিক্ষকদের ৪০ শতাংশ সুবিধা দেওয়া হবে, এজন্য ব্যয় হবে ১৯২ কোটি ৮০ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থ বছরে বাস্তবায়ন করা হবে ৩০ শতাংশ, এতে ব্যয় হবে ১৪৪ কোটি ৬০ লাখ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে অবশিষ্ট ৩০ শতাংশ বাস্তবায়নে ব্যয় হবে ১৪৪ কোটি ৬০ লাখ টাকা।

দুই বছর, তিন বছর ও চার বছরে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে তিনটি আলাদা আলাদা প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হলে তিনি (প্রধানমন্ত্রী) তিন বছরের মধ্যেই শিক্ষকদের জাতীয়করণের পক্ষে মত দিয়েছেন বলেন জানান মোতাহার।

শিক্ষা কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে চিঠি প্রতিটি জেলায় রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সুনিদির্ষ্ট পরিসংখ্যান জানতে জেলা শিক্ষা কর্র্মতাদের সোমবার চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে মোতাহার হোসেন জানান।

তিনি বলেন, চলতি বছরের ২৭ মে পর্যন্ত যেসব বিদ্যালয় নিবন্ধন পেয়েছে সেগুলোও সরকারিকরণের আওতায় আসবে। ২৭ মের আগে নিয়োগপ্রাপ্ত এমপিও ও নন-এমপিও সকল শিক্ষকই সরকারিকরণের আওতায় আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

দুই দশকের আন্দোলনের ফল

প্রায় দুই দশক ধরে আন্দোলন করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আদায় করেছেন।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, চাকরি জাতীয়করণের দাবিতে ১৯৯১ সাল থেকে তাদের আন্দোলন শুরু হয়। এ দাবিতে ১৯৯৭ সালে ঢাকার ওসমানী ঊদ্যানে শিক্ষকরা আমরণ অনশন করেন। শিক্ষকদের কর্মসূচির নবম দিনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের অনশন ভাঙান।

পরবর্তীতে ২০০০ সালের ১০ সেপ্টম্বর ওসমানী উদ্যানে শিক্ষকরা শিক্ষক মহাসমাবেশের আয়োজন করেন। ওই সমাবেশেও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উপস্থিত থেকে শিক্ষকদের দাবি তাদের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্তর ঘোষণা দেন।

২০১১ সালের নভেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন এক সংবাদ সম্মেলনে বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণে সরকারের কোনো পরিকল্পনা নেই। এ খবরে শিক্ষকদের মধ্যে অসেন্তোষ ছড়িয়ে পড়ে।

একই দাবিতে ওই বছরের ২১ থেকে ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক।

এতেও দাবি আদায় না হওয়ার চলতি বছরের ১৫ ও ১৬ জানুয়ারি দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন তারা। দাবি আদায়ে ১৭-১৯ জানুয়ারি কর্ম বিরতিও পালন করেন শিক্ষকরা।

এরপরেও সরকার তাদের অবস্থানে অনড় থাকলে শিক্ষকরা গত ১৩ থেকে ১৮ মে পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমূখে পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচি পালনের সময় পুলিশের পুটিনিতে আহত এক শিক্ষক মারা যান।

শিক্ষকদের আন্দোলন অব্যহত থাকলে গত ১৬ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেও আরো দুই দিন আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। গত ১৮ মে শিক্ষরা ৩১ মের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকের সময় বেধে দেন। এ সময়ের মধ্যে ঘোষণা না এলে আগামী ১৬ জুন থেকে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিদির্ষ্টকালের জন্য তালা ঝোলানোর হুমকি দেন শিক্ষকরা।

পরবর্তীতে ২৭ মে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন আগামী জুন মাসেই শিক্ষক মহাসমাবেশ থেকে বেসরকারি প্রাথমিকের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেওয়া হবে।