ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির পদত্যাগের পর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন চ্যান্সেলর রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি প্রথমে শিক্ষকদের সঙ্গে কথা বলব, তারপর শিক্ষার্থী থেকে শুরু করে অন্য সবার সঙ্গেও কথা বলব।
“আমি চেষ্টা করব, সবার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করার।”
অধ্যাপক শরীফের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগটিকে প্রধান হিসেবে তুলে ধরে আন্দোলন করে আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
নতুন দায়িত্ব নিয়ে এর সমাধান কীভাবে করবেন- প্রশ্ন করা হলে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষক আনোয়ার বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ নতুন। এর ভেতরের অবস্থা আমি কিছুই জানি না।
“বিশ্ববিদ্যালয়ে যোগদান করে সবার সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী একটা ব্যবস্থা গ্রহণ করা হবে।”
“তবে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। তাই ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরের অবস্থা না জানা থাকলেও বাইরের বিষয়গুলো একই,” যোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চার পক্ষে মত পোষণ করা এই অধ্যাপক বলেন, এখানে কারো ওপর মতামত চাপিয়ে দেওয়া যায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩০ ঘ.
bdnews24