আহমেদ সজল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের মুখে উপাচার্যের পদত্যাগের পর মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনরত শিক্ষকরা, শিক্ষার্থীরা প্রকাশ করেন উচ্ছ্বাস।
বৃহস্পতিবার বিকালে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। এর পরপরই নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে ওই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে এনামুল কবিরের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস প্রকাশ করলেও ‘উপাচার্যপন্থী’ বলে পরিচিত ছাত্রলীগ নেতাকর্মীরা সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপাচার্যের পদত্যাগকে নিজেদের বিজয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। পাশাপাশি নতুন উপাচার্য দাবি মেনে নেবেন- এমন প্রত্যাশা তাদের।
আন্দোলনরত শিক্ষক সমাজ’র আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইনকে বলেন, “স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগ আন্দোলনকারীদের বিজয় হিসেবে বিবেচিত হবে, যেকোনো পরিস্থিতিতে শিক্ষকরা এখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম এটিই প্রমাণিত হয়েছে।”
বিলম্বে হলেও প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।
সদ্যসাবেক উপাচার্যকে ‘সন্ত্রাসী উপাচার্য’ আখ্যায়িত করে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ বলেন, “আন্দোলনকারী শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে সন্ত্রাসী উপাচার্য বিদায় নিলেন, নতুন উপাচার্যকে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে।”
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জে এস দীপ উপাচার্য পরিবর্তনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন উপাচার্যকে আইন অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তবে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য হিসেবে মেনে নিতে নারাজ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে একজনকে উপাচার্য নিয়োগ দিতে পারতেন আচার্য।
নিয়োগে অনিয়ম এবং এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার জন্য শরীফ এনামুল কবিরকে দায়ী করে আন্দোলনকারী শিক্ষকরা পক্ষকাল আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি প্রত্যাহার করে এবং এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হয়।
উপাচার্যের পদত্যাগ দাবিতে এক মাসের বেশি সময় ধরে কার্যত অচল এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে গত ৩ মে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্যকেও ডেকে পাঠান। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর অধ্যাপক কবির সাংবাদিকদের বলেছিলেন, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর যে সিদ্ধান্ত দেবেন, তাই মেনে নেবেন তিনি।
বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সাভারে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পান শরীফ এনামুল কবির।
উপাচার্য হিসেবে প্রায় তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে শিক্ষক নিয়োগে অনিয়ম, ছাত্রলীগের ‘একটি অঞ্চলভিত্তিক’ অংশকে মদদ, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধার অভিযোগ ওঠে অধ্যাপক কবিরের বিরুদ্ধে। এ ছাড়া প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিকীকরণ, ক্যাম্পাসে সৌন্দর্য বাড়ানোর নামে গাছ কাটা নিয়েও সমালোচনায় পড়েন তিনি।
দায়িত্ব গ্রহণের পরপরই ছাত্রলীগের বিশেষ একটি অঞ্চলের নেতা-কর্মীদের লালনের অভিযোগ ওঠে। ছাত্রলীগের বর্তমান স্থগিত কমিটির মধ্যে বিভেদ তৈরির মাধ্যমে ২০১০ সালের ৫ জুলাই অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টিরও অভিযোগ রয়েছে শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে।
তবে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এই বছরের শুরুতে, তার মদদপুষ্ট ছাত্রলীগ নেতাদের হামলায় সংগঠনটির অন্য অংশের কর্মী ও ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদের নিহত হওয়ার পর।
গত ৯ জানুয়ারি জুবায়ের খুন হওয়ার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল হয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম। ওই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং প্রায় ২০০ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন চালাতে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা।
ধাপে ধাপে আন্দোলন চালানোর পর আন্দোলনরত শিক্ষকদের ফোরাম ‘শিক্ষক সমাজ’ গত ১৮ এপ্রিল উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি শুরু করে।
শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে সাংস্কৃতিক জোট নেতাদের ওপর ‘উপাচার্যপন্থী ছাত্রলীগ’ হামলা চালালে শিক্ষার্থীরাও শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩৬ ঘ.
bdnews24