শাহজালাল বিশ্ববিদ্যালয়, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি নিয়ে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
অনুষদটির দাবি আদায় কমিটির আহ্বায়ক মো. মোহসিন আজিজ খাঁন বুধবার এই কথা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক সমিতির সঙ্গে ফলফসূ আলোচনা এবং তাদের সুপারিশের ভিত্তিতে আমরা কর্মবিরতি ও ধর্মঘট প্রত্যাহার করেছি।”
এদিকে মঙ্গলবার ফলিত বিজ্ঞান অনুষদের তিন বিভাগীয় প্রধানের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে জানান রেজিষ্ট্রার মুহাম্মদ ইসফাকুল হোসেন।
সিন্ডিকেট সভায় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি নিয়ে একটি সিদ্ধান্তের প্রতিবাদে এ অনুষদের শিক্ষকরা আন্দোলন শুরু করেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংকট নিরসনে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে জরুরি সাধারণ সভা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শেষ হয় রাত ১টায়।
সভায় সংকট নিরসনে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষকের সমন্বয়ে একটি কমিটি করা হয়। এই কমিটির সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক মেনে নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, বুধবার সকাল ১১টায় এই কমিটির সভা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। সভায় সংকট নিরসনে ৫ দফা সুপারিশ করে কমিটি।
অধ্যাপক কবির হোসেন আরো বলেন, সুপারিশগুলো হল- স্নাতকোত্তরসহ বর্তমানে কর্মরত সকল প্রভাষক দুই বছরে পদোন্নতি পাবেন, স্নাতকোত্তর ছাড়া কর্মরত প্রভাষকরা দুই বছরে পদোন্নতি পাবেন, তবে স্বীকৃত জার্নালে তাদের ২টি প্রকাশনা থাকতে হবে। পাঁচ বছরের স্নাতক ডিগ্রিধারী কর্মরত প্রভাষকরা দুই বছরে পদোন্নতি পাবেন।
এছাড়া স্বীকৃত জার্নালে অতিরিক্ত প্রকাশনা থাকলে শিক্ষকদের সর্বোচ্চ একটি ইনক্রিমেন্ট দেওয়ার সুপারিশ করা হয়।
গত ৩ মে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মতে সামাজিক বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও ভৌত বিজ্ঞান অনুষদের প্রভাষকরা আড়াই বছরে সহকারী অধ্যাপক হবেন। কিন্তু ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্ষেত্রে ওই সময় হবে তিন বছর।
এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৮ মে থেকে লাগাতার কর্মবিরতি ও ধর্মঘট করে আসছিলেন ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24