২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃত্তি, গবেষণায় ঢাবিতে ‘বিশেষ’ তহবিল

শিক্ষক-শিক্ষার্থীদের বৃত্তি, গবেষণা, প্রকাশনা ও চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা দিতে ‘দি ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামে একটি তহবিল গঠন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 04:40 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক-শিক্ষার্থীদের বৃত্তি, গবেষণা, প্রকাশনা ও চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা দিতে ‘দি ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামে একটি তহবিল গঠন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আসছে জুলাই মাসেই নিজস্ব উদ্যোগে এ তহবিল চালুর জন্য উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে আহ্বায়ক করে ইতোমধ্যে একটি পরিচালনা পর্যদ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সম্প্রতি ‘দি ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ এবং এই পরিচালনা পর্যদের অনুমোদন দেয়। পরিচালনা পর্যদের সদস্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, দেশি-বিদেশি কর্পোরেট বডি, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, দেশে ও বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই বা তাদের পরিচালিত প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে এই তহবিলের অর্থ সংগ্রহ করা হবে। পরিচালনা পর্যদকে বছরে অন্তত একবার তহবিল সংগ্রহের উদ্যোগ নিতে হবে জানিয়ে আখতারুজ্জামান বলেন, “আমরা যদি বড় তহবিল গঠন করতে পারি তাহলে সরকারি বাজেট বরাদ্দের বাইরেও নতুন কর্মপরিকল্পনা নিতে পারব।” এই তহবিল সংগ্রহের উদ্বোধন উপলক্ষে সরকার বা রাষ্ট্রপ্রধান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সংগঠন, খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি। সিনেট সদস্য অধ্যাপক আখতারুজ্জামান আশা করছেন, জুলাই মাসে ওই বিশেষ আয়োজনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি ফান্ডে অন্তত এক শ’ কোটি টাকা সংগ্রহ করা যাবে। ফান্ডের পরিচালনা পর্যদের আহ্বায়ক অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ কম থাকায় অনেক কাজই করা যায় না। এ কারণেই বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।” “যারা এ তহবিলে অর্থ সহায়তা দেবেন তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তহবিলে দেওয়া অর্থ আয়করমুক্ত রাখতেও এনবিআরের সঙ্গে আলোচনা করা হবে,” যোগ করেন তিনি। এই পরিচালনা পর্যদের অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক তাসমেরী এস এ ইসলাম, বাহলুল মজনু চুন্নু ও মোহাম্মদ মঈনুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রেজাউর রহমানকে পরিচালনা পর্যদের সদস্য সচিব করা হয়েছে। ১৯২১ সালে যাত্রা শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩৩ হাজার শিক্ষার্থীর জন্য ১৮০০ শিক্ষক রয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীদের বৃত্তি, গবেষণা এবং প্রকাশনায় সহায়তা দিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ২৪০টিরও বেশি ট্রাস্ট ফান্ড থাকলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বড় আকারের তহবিল সংগ্রহের উদ্যোগ এটাই প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০৩৩ ঘ.