ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রোববার সচিবালয়ের বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এমন কিছু করবেন না, যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।”
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অস্থিতিশীল’ পরিস্থিতির প্রেক্ষাপটে উপাচার্যদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সম্পর্কে নাহিদ বলেন, “কেউ তার উদ্দেশ্য সফল করার চেষ্টা করতে পারেন, এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।”
বৈঠকে ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, বিভিন্ন সাফল্য-ব্যর্থতা এবং করণীয় নিয়ে উপাচার্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
“বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেছি। আগের কার্যক্রমের কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে কথা বলেছি।”
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, জনবল, শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ও আর্থিক সংকটের কথা উপাচার্যরা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেছেন বলে জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানান নাহিদ।
তবে কী সিদ্ধান্ত নিতে পারেন সে বিষয়ে কোনো ধারণা না দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে আর কিছু করার আছে কি না, প্রধানমন্ত্রী তা ঠিক করবেন।”
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী চলা ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল গঠন করা সিনেট-এর দায়িত্ব বলে মনে করেন শিক্ষামন্ত্রী।
প্রায় তিন ঘণ্টার বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনো কথা বলেননি বলে উপস্থিত উপাচার্যরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭৩৮ ঘ.
bdnews24