ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবার হোটেলে বসা নিয়ে বাক বিতণ্ডার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মামুন এবং অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী খন্দকার সাদ্দাম হোসেন কানন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আরামবাগ হোটেলের একটি আসনে বসাকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র আহসানউল্লাহ মিঠু এবং ছাত্রলীগ কর্মী কাননের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে কানন একটি গ্লাস দিয়ে মিঠুকে আঘাত করে।
থবর পেয়ে ইংরেজি বিভাগের কিছু শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাননকে পেটায়। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
কাননের আহত হবার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ কর্মীরা মিঠুর বন্ধু মামুনকে মারধর করে। আঘাতে মামুনের মাথা ফেটে গেছে। তাকে ন্যশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএমআর/আরএ/১৪২০ ঘ.
bdnews24