২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার দেখার বিষয় নয়’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শস্যবিজ্ঞান বিভাগ ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

রাজশাহী, ০৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শস্যবিজ্ঞান বিভাগ ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন। এ হামলার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একজন শিক্ষক, আমার কাজ পাঠদান করা। কোথায় কে কাকে মারল, এটা আমার দেখার বিষয় নয়। এসব তো দেখবে গোয়েন্দা বিভাগ। তাদেরকে ফোন দিন।” নগরীর নারিকেলবাড়িয়া থেকে শস্যবিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্থানান্তরের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। হামলায় আহত শস্যবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দাবিতে বেশ কিছুদিন ধরে আমরা নানা কর্মসূচি পালন করছি। “আজকের কর্মসূচি চলাকালে বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আহম্মদ আলী গ্র“পের অভি, তন্ময়, আনন্দ, তুহিন ও রবিনসহ সংগঠনটির বেশ কয়েকজন কর্মী তাদের মারধর করে। তাদের ব্যানার ছিঁড়ে ফেলে।” আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান। বাকি দু’জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি আহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। অন্য একটি বিভাগের সঙ্গে বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২৪৬ ঘ.