২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে এগিয়ে ছেলেরা, পাস ৮৭.১৬ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা ভালো ফল করেছে। বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ১৬, যা গতবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

দিনাজপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা ভালো ফল করেছে। বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ১৬, যা গতবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। সোমবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। এবছর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ২৩ হাজার ৮০৭ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৭ হাজার ৯০৯ জন। গড় পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। ২০১১ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪৮ শতাংশ। তবে ছেলে ও মেয়েদের পাসের হার বিবেচনায় ছেলেরাই এ বছর ভালো করেছে এ বোর্ডে। ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে এ হার ৮৬ দশমিক ৫৬। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩১ জন, যাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ৬ হাজার ৬৯০ জন, মানবিক বিভাগে ৩৮৭ ও বাণিজ্য বিভাগে ৩৫৪ জন পেয়েছে জিপিএ-৫। এ বোর্ডে শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা ২৩১টি। ফলাফলের বিবেচনায় শীর্ষস্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এ বছর সামগ্রিক ফলাফল গতবছরের চেয়ে ভালো। আশা করছি আগামী বছর আরো ভালো ফল আসবে।” মাধ্যমিকে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে সিলেট বোর্ডে, ৯১ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮৫.৯৫ শতাংশ, রাজশাহীতে ৮৮.৩৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮.৯৬ শতাংশ, কুমিল্লায় ৮৫.৬৪ শতাংশ, বরিশালে ৮৬.৯৬ শতাংশ ও যশোরে ৮৭.১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৮৩১ ঘ.