২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে পাস ৮৬.৩৭%

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার সংখ্যা- দুটোই বেড়েছে এবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 04:46 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার, যাদের মধ্যে ৮২ হাজার ২১২ জন অর্জন করেছে পূর্ণাঙ্গ জিপিএ। সোমবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা তার সঙ্গে ছিলেন। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রধানের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন। শিক্ষামন্ত্রী এ সময় জানান, এবার ৩ হাজার ৩৭৭টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর সারা দেশে ১৪টি স্কুল থেকে কেউ পাস করেনি। দুপুরে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন নাহিদ। এছাড়া দুপুর আড়াইটা থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্র থেকে এবং এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। মোবাইলে ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। গত বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল ৮২ দশমিক ৩১ শতাংশ। গত বছর পূর্ণ জিপিএ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ৭৪৯ জন। এ বছর ১ ফেব্র“য়ারি থেকে ১৫ মার্চ আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১৪ লাখ ১২ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ১২ লাখ ১৯ হাজার ৮৯৪ জন। মাধ্যমিকে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে সিলেট বোর্ডে, ৯১ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৮৫.৯৫ শতাংশ, রাজশাহীতে ৮৮.৩৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮.৯৬ শতাংশ, কুমিল্লায় ৮৫.৬৪ শতাংশ, বরিশালে ৮৬.৯৬ শতাংশ, যশোরে ৮৭.১৬ শতাংশ ও দিনাজপুরে ৮৭.১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এসএসসিতে। আর সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮.৪৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮০.৬৯ শতাংশ শিক্ষার্থী এবার উত্তীর্ণ হয়েছে। এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/জেকে/১০৩০ ঘ.