২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্যের সঙ্গ ছাড়ছেন ‘ঘনিষ্ঠরা’

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গ ছাড়তে শুরু করেছেন এতদিন তার ঘনিষ্ঠ বলে পরিচিতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

জাবি, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গ ছাড়তে শুরু করেছেন এতদিন তার ঘনিষ্ঠ বলে পরিচিতরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবারও বিক্ষোভ করেছেন। সকালে মিছিলের পর সন্ধ্যায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী মশাল মিছিল করে। অন্যদিকে শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবন এবং উপাচার্য ভবন ঘেরাও চালিয়ে যাচ্ছে ‘শিক্ষক সমাজ’। এর মধ্যেই সোমবার এক বিবৃতিতে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র তিন শিক্ষক বর্তমান প্রশাসনের প্রতি তাদের আস্থাহীনতার বিষয়ে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ উপাচার্য শরীফ এনামুল কবিরকে সমর্থন দিয়ে আসছিল। এতদিন উপাচার্যঘনিষ্ঠ হিসেবে পরিচিত সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করীম, বাংলা বিভাগের অধ্যাপক পৃথীলা নাজনীন নীলিমা ও কম্পিটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক হানিফ আলীর বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ‘কর্তাব্যক্তিদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে’ উদ্বেগ প্রকাশ করা হয়। ‘শিক্ষক সমাজের’ পাল্টা কর্মসূচি হিসেবে শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষকরা উপাচার্য ভবন ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলেও তাদের সংখ্যা দিন দিন কমছে। সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি কে এম মহিউদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষককে শুরুর দিকে উপাচার্য সমর্থকদের দলে দেখা গেলেও গত দুদিন ধরে দেখা যাচ্ছে না। উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিনকেও আগের মতো সরব দেখা যাচ্ছে না। সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস এতদিন শরীফ এনামুল কবিরকে সমর্থন করে এলেও রোববার ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরঙ্কুশ সমর্থন এতদিন শরীফ এনামুল কবির পেয়ে এলেও রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন কর্মকর্তা-কর্মচারীরা’ শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। অনশনের ঘোষণা শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে মঙ্গলবার থেকে অনশনের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শাকিলা শারমিন। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিলের পর উপাচার্যের বাসভবনের সামনে এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। উপাচার্যের বাড়ির সামনে মঙ্গলবার সকাল ১০টায় অনশনে বসবেন তিনি। উপাচার্যের বাড়ির সামনে ‘শিক্ষক সমাজের’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকরাও রয়েছেন। ‘শিক্ষক সমাজের’ আহ্বায়ক নাসিম আখতার হোসাইন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুনও রয়েছেন। শরীফ এনামুল কবিরকে পদত্যাগের আহ্বান জানিয়ে নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যেক স্বেচ্ছাচারী ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হয়, পদত্যাগ মোটামুটি সম্মানের হলেও বিতাড়ণ কিন্তু ভয়ঙ্কর।” উপাচার্য ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, তাদের ওপর ‘উপাচার্যপন্থী ছাত্রলীগ’ কর্মীরা হামলার চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। দুদিন আগে ছাত্রলীগকর্মীদের হামলায় সাংস্কৃতিক জোটের কয়েকজন নেতা আহত হন। ওই ঘটনাটি তুলে ধরে অধ্যাপক মামুন নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাটি বিশ্ববিদ্যালয়ে মোতায়েন পুলিশ কর্মকর্তার কাছে তুলে ধরেন। তখন উপপরিদর্শক মোহাম্মদ খসরু শিক্ষক নেতাকে বলেন, যথেষ্ট পুলিশ সদস্য এই মুহূর্তে তার কাছে নেই। ছাত্রলীগের এই অংশটিকে সোমবারও ক্যাম্পাসে মহড়া দিতে দেখা যায়। উপাচার্যের পদত্যাগ দাবিতে এর আগে বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মৌন মিছিল করে উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। সেখানে বক্তব্য রাখেন ফিয়াজ শরীফ, জাকারিয়া পলাশ, রাসেল রানা ও ছাত্র ইউনিয়ন বিশ্বববিদ্যালয় সংসদের সম্পাদক জাহিদুল ইসলাম জিন্নাহ। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত সাংস্কৃতিক জোট নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে। কেন করা হচ্ছে- জানতে চাওয়া হলে প্রক্টর সুকল্যান কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের উচ্চ পর্যায় থেকে তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে।” এই বিষয়ে শাকিলা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তালিকা চাওয়ার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৫ ঘ.