২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক কেন্দ্রে ২৬ পরীক্ষার্থী বহিষ্কৃত, ৮ শিক্ষকের অব্যাহতি

লালমনিরহাটে এক পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির সচিবসহ আট কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 06:54 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

লালমনিরহাট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে এক পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির সচিবসহ আট কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। লালমনিরহাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে নকল ধরার অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু-নূর শামসুজ্জামান। এ কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের অধীনে সদর উপজেলার সকল মাদ্রাসা ও আদিতমারী উপজেলার কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ম্যাজিস্ট্রেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রটিতে ব্যাপক নকল হচ্ছে এমন অভিযোগ থাকলেও কোনোভাবেই ধরা সম্ভব হচ্ছিল না। “তাই একটু কৌশলের আশ্রয় নিয়ে কেন্দ্র থেকে অনেক দূরে গাড়ি রেখে তিন ম্যাজিস্ট্রেটসহ হেঁটে আকষ্মিকভাবে কেন্দ্রে প্রবেশ করি।” “যে সব কক্ষ থেকে পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে সে সব কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক ও কেন্দ্র সচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে,” যোগ করেন ম্যাজিস্ট্রেট। জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিনকে ওই কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। কেন্দ্র থেকে জানা যায়, বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান ১ম পত্র ও মানবিক বিভাগের বালাগাত ও মানতিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহিষ্কৃত ২৬ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন ও মানবিক বিভাগের ১৬ জন রয়েছে। বহিষ্কৃতদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলার নেছারীয়া কামিল মাদ্রাসার-১০ জন, তিস্তা ফাজিল মাদ্রাসার-৫ জন, খেদাবাগ ফাজিল মাদ্রাসার-৪ জন ও আদিতমারীর দক্ষিণ বালাপাড়া মাদ্রসার-৭ জন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০৫৬ ঘ.