২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের শিক্ষক সমিতিতে সরকার সমর্থকদের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থকদের নীল প্যানেল জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

জবি, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থকদের নীল প্যানেল জয় পেয়েছে। বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে সমিতির ১৫ পদের সবকটিতেই হেরেছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক হাসনা হেনা বেগম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৩০০ ভোটারের মধ্যে ২৭৫ জন ভোট দিয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার জানান। সভাপতি পদে নীল দলের অধ্যাপক মোহাম্মদ সেলিম ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মোশারাফ হোসেন পেয়েছেন ৩৯ ভোট। নীল দলের অধ্যাপক কাজী সাইফুদ্দীন ১৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক রইছ উদ্দীন পেয়েছেন ৭৪ ভোট। সহ-সভাপতি পদে অধ্যাপক এস এম আনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ পদে ড. অরুণ কুমার গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. ফিরোজ আহমেদ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ড. পরিমল বালা, জুনায়েদ আহমদ হালিম, নাসির উদ্দিন আহমেদ, মোহাম্মদ কামাল হোসেন, ড. নূর মোহাম্মদ, মোহাম্মদ মনিরুজ্জামান খান ও মোহাম্মদ জাফর ইকবাল। নতুন সভাপতি মোহাম্মদ সেলিম সাংবাদিদের বলেন, দল-মত নির্বিশেষে শিক্ষকদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবেন তিনি। অন্যদিকে সাদা প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “নির্বাচনে জয়ী না হলেও আমাদের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ভাবধারা রক্ষা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪৮ ঘ.