২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসি পেল চুয়েট

আড়াই মাস পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই মাস পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুয়েটের চ্যান্সেলর রাষ্ট্রপতির আদেশক্রমে জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপাচার্য রোববারই দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান তিনি। জাহাঙ্গীর আলম ১৯৬০ সালের ৩০ নভেম্বর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৮৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি লাভ করে একই বছরে পুরকৌশল বিভাগে অধ্যাপনায় যোগদান দেন তিনি। গত ২৮ জানুয়ারি অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাসের উপাচার্য হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়। এর পর শূন্য পদে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬২৫ ঘ.