২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের দাবিতে জাবি ভিসির কার্যালয় অবরোধ

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা তার কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবরোধ পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা তার কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবরোধ পালন করেছে। শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইনের নেতৃত্বে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ অবরোধ চলে। অবশ্য এর আগেই উপাচার্য (ভিসি) অধ্যাপক শরীফ এনামুল কবির সকাল সোয়া ৮টার দিকে তার কার্যালয়ে এসে ১০ মিনিট অবস্থান করে চলে যান। অধ্যাপক নাসিম আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা উপাচার্যের সম্মানজনক পদত্যাগ চেয়েছিলাম অথচ তিনি এখন লুকোচুরি করছেন, অফিসে এলেই তাকে অবরুদ্ধ করা হবে।” গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ আট দফা দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। অবরোধে উপস্থিত ছিলেন অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এমএ মতিন, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক শরীফুল হুদা, অধ্যাপক এনামুল হক খান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক রশীদ হারুন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/১৮০৯ ঘ.