ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেটের ১৪ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ।
মঙ্গলবার মপল প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি বলেন, “২০১২-১৩ অর্থবছরে এক লাখ ৯০ হাজার কোটি টাকার মতো বাজেট হবে। যেহেতু অনেক টাকার বাজেট, তাই শিক্ষাখাতে ১৪ শতাংশ বরাদ্দ রাখলেই হবে।”
বাজেট অনুপাতে শিক্ষায় বরাদ্দ বাড়ানোরও দাবি জানান খলীকুজ্জামান।
শিক্ষাকে উৎপাদনশীল খাত হিসাবে উল্লেখ করে শিক্ষানীতি প্রণয়ন কমিটির এই কো-চেয়ারম্যান অনুৎপাদনশীল খাতে বরাদ্দ কমানোর পরামর্শ দেন।
চলতি বাজেটে শিক্ষানীতির উল্লেখ এবং এ খাতে বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী বাজেট অবশ্যই শিক্ষানীতি বাস্তবায়নে বরাদ্দ রাখতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিক্ষায় কাম্য বরাদ্দ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠন মানব উন্নয়ন উদ্যোগ ও শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্ট।
মানব উন্নয়ন উদ্যোগের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ শিক্ষার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনসংখ্যা অনুপাতে শিক্ষায় বরাদ্দ রাখার দাবি জানান।
আলোচনায় অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭২৫ ঘ.
bdnews24