ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কওমী মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনা ও শিক্ষাদানের জন্য সুপারিশ করতে ‘কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন’ গঠন করা হবে।
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এবং হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিনের নেতৃত্বে কওমী মাদ্রাসার একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সোমবার রাতে গণভবনে সাক্ষাত করলে এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে রাতে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা জানান।
প্রতিনিধি দল জাতীয় শিক্ষানীতি ২০১০ এর ৬(৫) অনুচ্ছেদ অনুসারে কওমী মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনা ও শিক্ষাদানের সুপারিশ তৈরি করতে একটি কমিশন গঠনের প্রস্তাব দেন। কওমী মাদ্রাসার প্রতিনিধি দলের প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই কমিশন গঠনের সিদ্ধান্ত দেন।
চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক মওলানা আহমদ শফিকে চেয়ারম্যান, ইকরা বাংলাদেশের পরিচালক আল্লামা ফরিদ উদ্দিন মাসউদকে কো-চেয়ারম্যান, গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি রুহুল আমিনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।
কামাল আবদুল নাসের চৌধুরী জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অবিলম্বে সরকারি আদেশ জারি করা হবে। এই কমিশন আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেবে।
বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৫৮ ঘ.
bdnews24