ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য ৮ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় দফা ‘রিলিজ স্লিপ’ পূরণ করা যাবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ এপ্রিল ‘রিলিজ স্লিপের’ ফল প্রকাশ করা হবে; আগামী ১৬-১৯ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘নির্দিষ্ট’ কলেজের অধীনে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পাস করা শিক্ষার্থীদের মধ্যে যারা ওই কলেজের মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকায় স্থান পাননি তারা এই ‘রিলিজ স্লিপের’ সুবিধা পাচ্ছেন। এই স্লিপে শিক্ষার্থীকে ক্রমানুসারে তিনটি কলেজ বাছাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে।
বিভিন্ন কলেজে শূন্য আসনের তালিকা দেখে দ্বিতীয় দফার ‘রিলিজ স্লিপে’ কলেজ বাছাই করতে হবে। কলেজওয়ারী শূন্য আসনের তালিকা এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nuadmission2011.org.bd) থেকে জানা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী প্রথমবার ‘রিলিজ স্লিপের’ ফলাফলে অপেক্ষমাণ তালিকায় ছিলেন এবং যেসব ছাত্র ভুল করে মেয়েদের কলেজ এবং ছাত্রীরা ছেলেদের কলেজ পছন্দ দিয়েছিল তাদেরকে দ্বিতীয় দফা ‘রিলিজ স্লিপ’ পূরণ করতে হবে।
“যেসব হিন্দু শিক্ষার্থী প্রথমবার রিলিপ স্লিপ পূরণ করে ইসলামী শিক্ষা, আরবী ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় পেয়েও ভর্তি হতে চান না তাদেরও পুনরায় স্লিপ পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ছাত্র গার্হস্থ্য বিষয় পেয়েছে তাদেরও দ্বিতীয় রিলিজ স্লিপ পূরণ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২০৬ ঘ.
bdnews24