ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে আইনী লড়াইয়ে বাংলাদেশের ‘সমুদ্র জয়’ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দিতে মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে একটি ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী সপ্তাহের মধ্যে এই ক্লাস নিতে নোট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দেয়; রায়ের আগে যা ছিল ৩০ নটিক্যাল মাইল।
সচিব বলেন, “বাংলাদেশের ‘সমুদ্র জয়’ নিয়ে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে একটি করে ক্লাস নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ক্লাসনোটসহ সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ ব্যাপারে নির্দেশনা দেবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সমুদ্র জয় এবং দেশের স্থল ও জলসীমা নিয়ে শিক্ষার্থীদের জন্য সজহবোধ্য করে একটি নোট তৈরি করা হচ্ছে।
এতে পানির গভীরতা মাপের একক ফ্যাদম, জলসীমা পরিমাপের একক নটিক্যাল মাইল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অভ্যন্তরীণ নৌ-সীমা, মহীসোপানসহ অন্য বিষয়গুলোকে সহজ করে উপস্থাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮০৪ ঘ.
bdnews24