২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের নামে কোটি টাকার দরপত্র ছিনতাই

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল সংস্কার প্রকল্পের কোটি টাকার কাজের দরপত্র ছাত্রলীগ পরিচয় দিয়ে একদল যুবক ছিনিয়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

সিলেট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল সংস্কার প্রকল্পের কোটি টাকার কাজের দরপত্র ছাত্রলীগ পরিচয় দিয়ে একদল যুবক ছিনিয়ে নিয়েছে। সোমবার দুপুরে অস্ত্রের মুখে দরপত্র ছিনিয়ে নেওয়ার এ ঘটনার পর ওই দরপত্র বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান। ঘটনা শুনে উপাচার্য ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দরপত্র ছিনতাইয়ের আগে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালককে অস্ত্রের মুখে জিম্মি করে রাখার ঘটনা তাকে জানান। দরপত্র ছিনতাইকারীরা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের নামে আবাসিক হলে ‘অসম্পূর্ণ কাজ সম্পাদন’ নামে প্রকল্পের একটি দরপত্র আহ্বান করা হয়। এই দরপত্রে কাজের মূল্য ধরা হয়েছে এক কোটি ১৫ লাখ টাকা। প্রথম দফা দরপত্র আহ্বানের পর কাক্সিক্ষত সাড়া না পাওয়ায় ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর থেকে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হয় বলে কর্মকর্তারা জানান। সোমবার দুপুর ১২টা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের সামনে থাকা দরপত্র বাক্সে বেশ কয়েকটি দরপত্র জমা পড়ে। জমার সময় শেষ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর একটি লাল রঙের প্রাইভেট কারে পাঁচ জন যুবক প্রশাসনিক ভবনে ঢোকে। কর্মকর্তারা জানান, দোতালায় দরপত্র বাক্স যেখানে রাখা হয়, সেখানে কর্তব্যরতদের কাছে গিয়ে নিজেদের ‘ছাত্রলীগের লোক’ বলে পরিচয় দেয় তারা। ওই সময় দরপত্র বাক্সের সামনে বসা ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক কামাল উদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের বলেন, “পাঁচ যুবকের দুজন তার কলার চেপে ধরেন। বাকি তিনজন দরপত্র বাক্স খুলে শিডিউল নিয়ে যায়।” কামাল উদ্দিন চিৎকার করলে যুবকরা নিজেদের ‘ছাত্রলীগের’ বলে শাসিয়ে যায় বলে জানান তিনি। হাতে থাকা হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দেখিয়েও ভয় দেখায় ওই যুবকরা। ওই যুবকদের চিনতে পারেননি কামাল উদ্দিন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহিদউল্লাহ তালুকদার ঘটনাস্থলে যান। বিভিন্ন বিভাগের ডিনরাও তার সঙ্গে ছিলেন। পরিচালক কামাল উদ্দিন আহমদ উপাচার্যকে দরপত্র ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দেন। বিকালে ‘টেন্ডার ওপেনিং কমিটি’র কর্মকর্তারা বৈঠক করে এ কাজের দরপত্র বাতিলের সিদ্ধান্ত হয় বলে কামালউদ্দিন জানান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আফরাদুল ইসলামের সঙ্গে যোগযোগ করলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো সদস্য এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। ছাত্রলীগের নামে কেউ করলে বাইরের হতে পারে।” “বিশ্ববিদ্যালয়ের কেউ ঠিকাদারি কাজে যুক্ত নয়,” বলেন তিনি। তবে বিকাল পর্যন্ত এই বিষয়ে পুলিশকে কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার জানান, তিনি ঘটনাটি জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.