ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের পিটুনিতে আহত হয়েছে বিরোধী দল সমর্থক ছাত্রদলের এক কর্মী।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সামনে হামলায় আহত রোকনুজ্জামান রোকনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোকন ক্লাস শেষে লেকচার থিয়েটার ভবনের সামনে এলে সূর্যসেন হল শাখা ছাত্রলীগকর্মী আব্দুল বাতেনের নেতৃত্বে এক দল ছাত্র তার ওপর হামলা চালায়।
বাতেন আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র। ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রোকনের হলও সূর্যসেন। রোকন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসিরের অনুসারী।
নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোকন ছাত্রদল করে, এটাই তার একমাত্র দোষ এবং এজন্যই তাকে মারা হয়েছে।”
ছাত্রদল নেতারা বাতেনকে ছাত্রলীগকর্মী হিসেবে চিহ্নিত করলেও সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ তা অস্বীকার করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই ধরনের কোনো ঘটনার কথা জানি না। ছাত্রলীগের কেউ এ ঘটনা ঘটালে জানতাম।”
ওমর শরীফ অস্বীকার করলেও সূর্যসেন হলের একাধিক শিক্ষার্থী জানায়, বাতেন ছাত্রলীগ করেন এবং হলে ‘বরিশাল গ্রুপ’কে নিয়ন্ত্রণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24