ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন আট হাজার ৭৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বিভিন্ন বোর্ডে বহিষ্কার হয়েছে ৩৩ জন।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে রোববার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
এবার দেশের দুই হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়াও বিদেশের চারটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে। এতে অংশ নিচ্ছে নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হয়।
পরীক্ষায় ঢাকা বোর্ডে এক হাজার ৭৫৭ জন, রাজশাহীতে ৯৬০, চট্টগ্রামে ৫৪০, কুমিল্লায় ৮১৩, সিলেটে ৩৭২, বরিশালে ৩৭৯, দিনাজপুরে ৭০৬ এবং যশোর বোর্ডে ৮৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে এক হাজার ২৯৭ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৫৪ শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে তিন জন, চট্টগ্রাম ও যশোর বোর্ডে দুই জন করে এবং কুমিল্লা, সিলেট ও বরিশাল বোর্ডে এক জন করে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি বোর্ডে বহিষ্কার করা হয়েছে ১৫ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে নয় শিক্ষার্থীকে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৩৭৩ জন বেশি। ২০১১ সালে পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সাত লাখ ৫০ হাজার ৮৫২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৮৫ হাজার ২২৬ জন। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম)-এ ৮৬ হাজার ৪১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
এবার দেশের দুই হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়াও দেশের বাইরে দোহা, আবুধাবি, জেদ্দাসহ চারটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এসব পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮৯ জন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি কেন্দ্রেও তিন জন পরীক্ষা দিচ্ছে।
আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়ে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এএল/২১২৬ ঘ.
bdnews24