ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২ হাজার ১৯৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় ঢাকা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন বেশি। ২০১১ সালে পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ লাখ ৫০ হাজার ৮৫২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৮৫ হাজার ২২৬ জন। এছাড়া কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম)-এ ৮৬ হাজার ৪১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরাবরের মতো এবারও ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৭২০ জন। সবচেয়ে কম ৩৭ হাজার ৭৪৩ পরীক্ষার্থী সিলেট বোর্ডে।
এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮০০, কুমিল¬া বোর্ডে ৭৮ হাজার ৮৯৩ জন, যশোর বোর্ডে ১ লাখ ৭ হাজার ৩৮০ জন, চট্টগ্রাম বোর্ডে ৫৪ হাজার ৪৫৩ জন, বরিশাল বোর্ডে ৪২ হাজার ৬৮০ জন এবং দিনাজপুর বোর্ডে ৮৭ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
১০টি বোর্ডের অধীনে এবং ব্যবসায় শিক্ষায় বোর্ডের অধীনে একটি ডিপ্লে¬ামা ডিগ্রির জন্য ৭ হাজার ৫৫৬টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন ছেলে এবং ৪ লাখ ৩০ হাজার ৪১৯ জন মেয়ে।
এবার দেশের ২ হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়া দেশের বাইরে দোহা, আবুধাবি, জেদ্দাসহ চারটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এসব পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৮৯ জন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ত্রিপোলি কেন্দ্রেও তিন জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো চলবে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত।
এবার প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখকদের সাহায্যে পরীক্ষায় বাড়তি ২০ মিনিট সময় পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24