২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যের মারধরে ঢাবি শিক্ষক আহত

র‌্যাব সদস্যদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব সদস্যদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মোহাম্মদ সাইফুদ্দীন খান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক। তিনি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেওয়ার পরেও তাকে লাথি-ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় উত্তরার দক্ষিণখানের গাওয়াইর এলাকায় তিনি মারধরের শিকার হন। রাস্তায় দাঁড়ানো র‌্যাবের একটি প্রাইভেটকার রাস্তার এক পাশে পার্কিং করতে বলায় তাকে মারা হয় বলে অভিযোগ করেন তিনি। সাইফুদ্দীন বলেন, “গাড়ি সরাতে বলায় র‌্যাব সদস্য ল্যান্স কর্পোরাল নুরুল আমীন গালাগাল ও হুমকি দেন। “এ সময় র‌্যাবের গাড়ির চালক আমীন মিয়া বলেন, ‘র‌্যাব কী করতে পারে তা তো জানেন’।” “এক পর্যায়ে তারা আমার কপালে ঘুষি মারে। বুকে লাথি মারে। আঘাতে আমার বাম হাতের কনুই ভেঙে যায়।” র‌্যাবের ওই গাড়িচালক এখন তার পরিবারের সদস্যদের ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ওই শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা র‌্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা জানিয়েছি। তারা বলেছেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, ঘটনার সময় র‌্যাব সদস্যরা সাদা পোশাকে ছিল। তাদের সহনশীল হওয়া উচিত ছিল। “এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২৩৫৫ ঘ.