২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ফের শিবিরের মিছিল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চবি বিজ্ঞান অনুষদ এলাকায় এ মিছিল হয়। এসময় প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও শিবিরকর্মী এমদাদুল হককে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয় কর্তৃপক্ষ। চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও ইনচার্য আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলটি বিজ্ঞান অনুষদের মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট থেকে হঠাৎ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তারা সটকে পড়ে। চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লা জানান, শিবিরকর্মী এমদাদুল হকের কাছে ক্যাম্পাসে ধর্মঘটের সমর্থনে কিছু কাগজপত্র পাওয়া যায়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে লিখিত নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবারও ক্যাম্পাসে মিছিল করে ছাত্রশিবির। গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। টানা ৩৮ দিন বন্ধের পর সব মিছিল- সমাবেশ নিষিদ্ধ করে গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেয় প্রশাসন। অন্যদিকে, চার দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন থেকেই লাগাতার ধর্মঘট পালন করছে ছাত্রশিবির । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৫৪ ঘ.