ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশে প্রথমবারের মতো ফাজিল (সম্মান) পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় দেশের ৩১টি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এতে পাঁচটি বিষয়ে এক হাজার ৫১২ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন।
২০১০-১১ শিক্ষাবর্ষে ৩১টি সিনিয়র মাদ্রাসায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিষয়ের অনার্স কোর্স চালু করা হয়।
বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় মাদ্রাসা-ই-আলীয়া কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি বলেন, দেশে আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, এক হাজার মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ এবং পৃথক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আলাউদ্দিন, জমিয়াতুল মোদারেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭১৬ ঘ.
bdnews24