২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শ্রেণীকক্ষে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগে ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে অজ্ঞাতনামারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগে ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে অজ্ঞাতনামারা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক যাদব কুমার বিশ্বাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে চবি প্রশাসনের সহায়তায় তালা ভেঙে তাদের উদ্ধার করা হয়। যাদব কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় কে বা কারা যেন বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়।” তবে তার নিজের বিভাগের কোনো শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তিনি। শ্রেণীকক্ষে আটকে পড়া শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষের ভেতর থেকে দরজা আটকনো ছিল। চবি প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় জড়িতদের সনাক্ত করা যায়নি। তিনি ধারণা করছেন, ইসলামী ছাত্রশিবিরের লাগাতার ধর্মঘটের মধ্যে চবি খুলে দেওয়ায় শিবির কর্মীরাই তালা লাগিয়েছে। গত বৃহস্পতিবার বিভিন্ন বিভাগের দরজায় লাগানো তালায় সুপার গ্লু দিয়ে শ্রেণী কক্ষ বন্ধ করে রাখে ছাত্রশিবির। গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৮ মার্চ ছাত্রশিবিরের লাগাতার ধর্মঘটের মধ্যেই চবি খুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/আরএ/২০০০ ঘ.