২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের পদত্যাগ দাবিতে জাবি শিক্ষকদের অবরোধ

উপাচার্যের পদত্যাগ দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগ দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষক সমাজের আহ্বায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন। অবরোধ চলাকালে প্রশাসনিক ভবনে উপাচার্য না থাকলেও উপ-উপাচার্য, নিবন্ধক, কোষাধ্যক্ষ ও একজন সহকারী প্রক্টরসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন ও সহকারী প্রক্টর সাইফুল ইসলাম বের হওয়ার চেষ্টা করলেও আন্দোলনরত শিক্ষকরা তাদের বের হতে দেয়নি। গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ আট দফা দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। গত ১০ মার্চ উপাচার্যকে পদত্যাগের আহ্বান জানিয়ে ১০ দিনের কর্মসূচি দেয় শিক্ষক সমাজ। এর মধ্যে রয়েছে ২৫ মার্চ উপাচার্যের কার্যালয় অবরোধ, ২৭-২৮ মার্চ সর্বাতœক ধর্মঘট। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের পরিস্থিতির জন্য উপাচার্যের আলোচনা বিমুখতাই দায়ী, একনায়কতান্ত্রিক মানসিকতা পরিহার করলে অনাকাঙ্খিত সব ঘটনাই এড়ানো যেত।” শিক্ষক সমাজের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়কে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ঠেলে দেওয়ার অধিকার উপাচার্যের নেই, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি যত দ্রুত পদত্যাগ করবেন ততই মঙ্গল।” অবরোধ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক সীমা হক, অধ্যাপক রশীদ হারুন, অধ্যাপক শামসুল আলম, সহযোগী অধ্যাপক শরীফ উদ্দিন, রায়হান রাইন ও আনোয়ারুল্লাহ ভূঁইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬১৮ ঘ.