২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্র ধর্মঘট স্থগিত

নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ইবি, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ১৮ মার্চ থেকে ধর্মঘট চালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে ‘ইবি ছাত্র সমাজ’। সংবাদ সম্মেলনে ইবি ছাত্র সমাজের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামিরুল ইসলাম বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে দুই ছাত্রের সন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস মেলায় তারা কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। দুপুরে ইবি ছাত্র সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করে প্রক্টরিয়াল বডি। শিক্ষার্থীদের দাÍি বিষয়ে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে সাংবাদিকদের জানান প্রক্টর ড. মেহের আলী। ধর্মঘট স্থগিত হওয়ায় চার দিন পর আগামী শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা আবার শুরু হতে যাচ্ছে। নিখোঁজ দুই ছাত্রই ইসলামী ছাত্রশিবিরের নেতা। তারা হলেন- বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক ও আল-ফিকহ বিভাগের ছাত্র আল-মুকাদ্দাস এবং অর্থসম্পাদক ও দাওয়াহ বিভাগের ছাত্র মো. ওয়ালীউল্লাহ। গত ৪ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের ধরে নেওয়া হয়েছে দাবি করে তাদের সন্ধানের দাবিতে ‘ইবি ছাত্র সমাজের’ ব্যানারে আন্দোলন চলছে। ওই ব্যানারেই ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে সাভারের নবীনগর এলাকা থেকে গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হন মুকাদ্দাস ও ওয়ালীউল্লাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ডিবি পুলিশ ও র‌্যাব-৪ পরিচয়ে তাদের বাস থেকে নামিয়ে নেওয়া হয়। ‘ইবি ছাত্র সমাজ’ এর আগে গত ১৩ মার্চ ক্যাম্পাসে ধর্মঘট ডেকেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০০ ঘ.