২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে প্রতিবন্ধীদের সুযোগ দেওয়ার নির্দেশ

দৃষ্টি প্রতিবন্ধী এক আইনজীবীর আবেদনে এই নির্দেশ দিয়েছে হাই কোর্ট। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে নিয়োগে ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধীদের অংশ নেওয়ার সুযোগ দিতে পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ সংক্রান্ত একটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি ফরিদ আহমেদ এই আদেশ দেন। আদালত আদেশে বলেছে, পরীক্ষার হলে যুক্তিযুক্ত ‘অ্যাকোমোডেশন’ নিশ্চিত করে প্রতিবন্ধীদেরকে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা করতে হবে। বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী স্বপন চৌকিদার এবং চারটি সংগঠন ২০১০ সনের ১৮ এপ্রিল একটি রিট আবেদন করেন। চার সংগঠন হচ্ছে, ‘অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি)’, ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’, ‘বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’ ও ‘ন্যাশনাল কাউন্সিল অব ডিজ্যাবল্ড উইমেন (এনসিডিডব্লিউ)’। ওই আবেদনের পর আদালত এ বিষয়ে রুল দিয়েছিল। এর মধ্যে সরকার প্রতিবন্ধী কোটা নির্ধারণ করে বিজ্ঞপ্তিও দেয়। এরপরও ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধীদের কথা উল্লেখ না করায় স্বপন চৌকিদার নতুন আবেদন করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খোন্দকার শাহরিয়ার শাকির। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধীদের বিষয়ে পিএসসি সব সময় উদাসীনতা দেখিয়ে আসছে। গত ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী ‘প্রতিবন্ধী ব্যক্তিগণের জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষিত থাকার কথা থাকলেও বিসিএসের বিজ্ঞপ্তিতে এই কোটার কথা কোথাও বলা হয়নি। “সর্বশেষ ৩২তম বিসিএসে এক অদ্ভুত নিয়ম করে যে, এসএসসি পাস করে নাই, এমন কাউকে তারাই শ্রুতিলেখক হিসাবে ঠিক করে দিবে। পরীক্ষার সময় দেখা যায়, এই ধরনের শ্রুতিলেখকরা প্রশ্নই বুঝতে পারে না,” বলেন তিনি। এ ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়ম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আরেকটি নিয়ম অনুসরণ করা হয়। এগুলো এই পরীক্ষায় প্রয়োগ করার পরামর্শ দেন শাহরিয়ার। ২৮ তম বিসিএসের অংশ নিতে শ্রুতিলেখকের জন্য আবেদন করতে গেলে রিট আদেনকারী স্বপন চৌকিদারের ফরম কেড়ে নেওয়া হয় বলে উল্লেখ করে তার আইনজীবী। তিনি আরো বলেন, প্রতিবন্ধিতার কারণ দেখিয়ে তাকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায়ও অংশ নিতে দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০৫৫ ঘ.