২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে উপাচার্য নিয়োগের দাবি শিক্ষকদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষকরা। এই দাবিতে রোববার সকালে চুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে তারা গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে চুয়েটে উপাচার্য নিয়োগে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। বিশ্ববিদ্যালয় থেকে একজন যোগ্য প্রকৌশলীকে উপাচার্য পদে নিয়োগের দাবি জানান তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মীর মু সাক্বী কাওসার, চুয়েটের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, শিক্ষক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, রেহায়েত করিম, ড. মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া প্রমুখ। সমাবেশ থেকে একই দাবিতে আগামী ২৫ মার্চ ক্যাম্পাসে মানববন্ধন ও ২৭ মার্চ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন শিক্ষকগণ। গত ২৮ জানুয়ারি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হয়। এখনো নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২২ ঘ.