শাহজালাল বিশ্ববিদ্যালয়, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার জলবায়ু পরিবর্তন বিষয়ক এক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন’ শীর্ষক এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, আরকাব এবং কেয়ার বাংলাদেশ।
সকাল ৯টায় কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, উন্নত দেশগুলোর গ্রিন হাউস গ্যাস নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো চরম ঝুঁকির সম্মুখীন হয়েছে। এ ঝুঁকি মোকাবেলার অন্যতম হাতিয়ার হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
কিন্তু, এসব দেশের এ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করার ক্ষমতা খুবই কম। এজন্য গবেষক ও বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে এবং বিশদ গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা থেকে উত্তরণের কর্মপন্থা নির্ধারণ করতে হবে, বলেন তিনি।
সম্মেলনের আহবায়ক ও এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. নারায়ণ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, আরকাব’র প্রকল্প পরিচালক সৈয়দ মোহাম্মদ ইকবাল আলী এবং কেয়ার বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর জেমি টারজি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর গ্লোবাল চেইঞ্জ-এর নির্বাহী পরিচালক ড. আহসান উদ্দিন আহমদ।
এছাড়াও দিনব্যাপী এই সম্মেলনে চারটি টেকনিক্যাল সেশনে ২০টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইডি, লন্ডন’র সিনিয়র ফেলো অধ্যাপক ড. ছলিমুল হক।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন এজিও এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24