২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীর মৃত্যুর পর রুয়েট বন্ধ ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৯ মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়ে বিকালেই হল খালি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 09:15 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

রাজশাহী, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত এক ছাত্রের মৃত্যুর পর ‘অনিবার্য’ কারণ দেখিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৯ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর ২টার দিকে রুয়েটের জনসংযোগ দপ্তরের প্রধান গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে’ শুক্রবার বিকেল ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য প্রফেসর সিরাজুল কবির চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য প্রক্টরিয়াল কমিটির সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।” রুয়েটের সব ক্লাস, পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে গোলাম মর্তুজা জানান। গত ১২ মার্চ অভ্যন্তরীণ কোন্দল ও বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুয়েট ক্যাফেটোরিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হন ছাত্রলীগের বহিষ্কৃত দুইকর্মী। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এদের একজন আব্দুল আজিজ খান শিহাব (২৩) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর করে শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫১৫ ঘ.