২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচনের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি

“ডাকসু আমাদের অধিকার, আমরা অনেকদিন নীরব থেকেছি, আর নয়”- কর্মসূচি ঘোষণা করে একথা বলেছেন শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাবি, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’। বৃহস্পতিবার দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে নির্দলীয় শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এই ফোরাম। কর্মসূচির অংশ হিসেবে রয়েছে- ক্লাসে প্রচার, অনুষদের সামনে স্বাক্ষর সংগ্রহ, গান, কবিতা, নাটক, বুলেটিন বিতরণ, কার্টুন প্রদর্শনী, বক্তৃতা ইত্যাদি। আগামী ১৮ মার্চ কাজী মোতাহের হোসেন ভবন, ১৯ মার্চ কার্জন হল, ২০ মার্চ বাণিজ্য অনুষদ, ২১ মার্চ সমাজকর্ম ও আইইআর, ২২ মার্চ চারুকলা অনুষদ প্রাঙ্গণ এবং ২৪ মার্চ কলা ভবনের প্রধান ফটকে স্বাক্ষর সংগ্রহ হবে। এছাড়া আগামী ২৫ মার্চ অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিক্ষোভ সমাবেশের ঘোষণাও দেওয়া হয়েছে। আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালের পর আর ডাকসু নির্বাচন হয়নি। সর্বশেষ ডাকসুর সহসভাপতি ছিলেন আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক ছিলেন খায়রুল কবির খোকন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র মওদুদ মিষ্টি বলেন, “ডাকসু আমাদের অধিকার, এই নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি, আমরা অনেকদিন নীরব থেকেছি, আর নয়। ডাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।” বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন দিতে প্রশাসনকে ইতোমধ্যে আইনি নোটিস পাঠিয়েছে জানিয়ে মিষ্টি বলেন, শিক্ষার্থী অধিকার মঞ্চ ওই পদক্ষেপের সঙ্গে সংহতি প্রকাশ করছে। গত ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরকে উকিল নোটিস পাঠায় ৩১ জন শিক্ষার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০২ ঘ.