২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোমবার স্কুল খোলা, দায়িত্ব অভিভাবকের’

রাজধানীর সরকারি-বেসরকারি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার খোলা থাকবে জানিয়ে প্রতিষ্ঠানপ্রধানরা বলেছেন, সন্তানদের পাঠানোর দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 07:27 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সরকারি-বেসরকারি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার খোলা থাকবে জানিয়ে প্রতিষ্ঠানপ্রধানরা বলেছেন, সন্তানদের পাঠানোর দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। তবে অভিভাবকরা বলেছেন, নিরাপত্তা না থাকায় বিএনপির মহাসমাবেশের দিন (সোমবার) সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না তারা। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে সোমবার রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। এতে সারাদেশ থেকে সমমনা দলগুলোর নেতা-কর্মীরাও যোগ দেওয়ার কথা। এ সমাবেশকে কেন্দ্র করে ঢাকার সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে রোববার সকাল থেকে। রাজধানী ঢাকায়ও নগর পরিবহনে বাস চলাচল করে নগণ্য সংখ্যক। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার ব্যাপারে কোনো বিশেষ নির্দেশনা না থাকায় ভিকারুননিসা খোলা থাকবে।” “তবে স্কুলে সন্তানদের পাঠানোর দায়িত্ব অবশ্যই অভিভাবকদেরকেই নিতে হবে।” আজিমপুরের আগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস বিএনপির কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “সাধারণত এমন পরিস্থিতিতে কেউ স্কুলে আসে না। তবে অফিস খোলা থাকবে।” সোমবার ক্লাস হবে না এমন ধারণা করে তিনি বলেন, “কেউ যদি বিদ্যালয়ে আসে তবে তাদের অভিভাবকদের তত্ত্বাবধানে আসতে হবে। তবে দু’একজন শিক্ষার্থী এলে ক্লাস হবে না।” মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক শামসুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্তানকে বিদ্যালয়ের পাঠাবেন না তিনি। “রাজনৈতিক কর্মসূচির মধ্যে সন্তানকে স্কুলে পাঠানো কিছুতেই নিরাপদ মনে করছি না।” ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিয়া হক সোমবার বিদ্যালয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, “স্কুলে যাওয়ার প্রশ্নই আসে না।” সোমবার ঢাকার বড় ধরনের ‘গোলযোগ’ হবে বলেও মনে করেন তিনি। সিদ্ধেশ্বরী গালর্স কলেজের অধ্যক্ষ ফয়েজ হোসেন সোমবার তার প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “শিক্ষার্থী এলে ক্লাস হবে, না এলে হবে না।” কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী জানান, সোমবার স্কুল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। দুই শিফটে ক্লাস হওয়ার কথা রয়েছে। এই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক তাহমিনা আক্তার বলেন, “স্কুলে ফোন করে জেনেছি সোমবারও স্কুল খোলা থাকবে। তবে এই ধরনের পরিস্থিতিতে সন্তানকে স্কুলে পাঠাব না।” “সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে সোমবার স্কুল বন্ধ করে দিলেই ভালো হতো,” যোগ করেন তিনি। মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রনজিত কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার স্কুল বন্ধ রাখা হবে কি না তা জানতে অনেক অভিভাবক ফোন করেছেন। সরকারের কোনো নির্দেশনা না থাকায় বিদ্যালয় খোলা রাখা হবে। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ফারুক হোসেন জানান, “বাবা চট্টগ্রামে চাকরি করেন। শনিবার রাতে ফোন করে স্কুলে যেতে নিষেধ করেছেন।” তবে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মঞ্জুর আলম জানান, বিএনপির মহাসমাবেশ উপলক্ষে সোমবার তাদের স্কুল বন্ধ থাকবে। শনিবার স্কুল পরিচালনা পর্যদ ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার কলেজ খোলা থাকবে জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ রওশন জাহান দাবি করেন, সব শিক্ষকও এদিন কলেজে আসবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/০১২৫ ঘ.