জাবি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অপ্রয়োজনীয় ও অবৈধভাবে’ শিক্ষক নিয়োগের প্রতিবাদে পাঁচ দিনের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা।
‘অবৈধ নিয়োগ প্রক্রিয়া’ বন্ধের দাবিতে সারাদিন উপাচার্যের বাসভবন অবরোধ শেষে শনিবার সন্ধ্যায় পাঁচ দিনের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।
উপাচার্যের বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমাজের আহ্বায়ক সরকার ও রাজনীতি বিভাগর অধ্যাপক নাসিম আখতার হোসাইন জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ে পুরো কার্যদিবস ধর্মঘট এবং ১২-১৫ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।
এছাড়া ১৭ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক সীমা হক প্রমুখ।
গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা।
এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ আট দফা দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন।
গত ৪ ফেব্রুয়ারি শিক্ষক সমাজের প্রতিনিধিরা গণনিয়োগ বন্ধের দাবিতে উপাচার্য শরীফ এনামুল কবীরের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে নতুন কোনো বিভাগে নিয়োগ দেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি গণিত বিভাগে সহকারী অধ্যাপকের একটি অস্থায়ী পদে এবং প্রভাষকের দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।
শনিবার সকাল ১০টায় এসব পদে নিয়োগের সাক্ষাৎকার শুরু ঠেকাতে সকাল ৮টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক সমাজের প্রতিনিধিরা। এর পরপরই উপাচার্যপন্থী শিক্ষকরাও সেখানে হাজির হয়ে অবস্থান নেন।
পৌনে ১০টার দিকে খবর আসে, উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনেই সাক্ষাৎকার শুরু করা হচ্ছে। এ খবরে দুই পক্ষের শিক্ষকরাই উপাচার্যের বাসভবনের দুই ফটকে অবস্থান নিয়ে মাইকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু করেন।
এই পরিস্থিতির মধ্যে সাক্ষাতকার না নিয়েই ফিরে যান সিলেকশন বোর্ডের সদস্য নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম ডি আবদুস সাত্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯২৮ ঘ.
bdnews24