২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষক নিয়োগ নিয়ে ইঁদুর-বিড়াল খেলা

নিয়োগ বন্ধের দাবিতে ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উপাচার্যের পক্ষ-বিপক্ষের শিক্ষকরা পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় বদলে ফেলা হয়েছে সাক্ষাৎকারের স্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 06:08 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

জাবি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অপ্রয়োজনীয় ও অবৈধভাবে’ শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও উপাচার্যপন্থী শিক্ষকরা। এদিকে নিয়োগপ্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চলছে ইঁদুর-বিড়াল খেলা। শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষকরা শনিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। অপরদিকে নিয়োগ প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেজন্য একইস্থানে অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষকরাও। এরপর উপাচার্যের বাসায় নিয়োগ সাক্ষাৎকার শুরুর খবর পেয়ে দুই পক্ষেই সেখানে উপস্থিত হয়ে পাল্টাপাল্টি সমাবেশ শুরু করেন। উভয় পক্ষের প্রায় তিন শতাধিক শিক্ষক উপাচার্যের কার্যালয়ের ভেতরে অবস্থান নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এক প্রকার অচল হয়ে পড়ে। এক পর্যায়ে সিলেকশন বোর্ডের সদস্য নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম ডি আবদুস সাত্তার এই অচলাবস্থা দেখে সাক্ষাৎকার না নিয়েই ফিরে গেলেও উপাচার্যের বাসায় বিশেষ ব্যবস্থায় তিনজনের সাক্ষাৎকার নেওয়া হয় বলে খবর পাওয়া যায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কিছু জানায়নি। শিক্ষক সমাজের আহ্বায়ক সরকার ও রাজনীতি বিভাগর অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনেক আগেই কর্মসূচি ঘোষণা করেছি, প্রশাসন প্রয়োজন ছাড়াই অতিরিক্ত শিক্ষক নিয়োগ করবে আমরা তা মেনে নেব না।” শিক্ষক সমিতির সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হয়রানি বা নির্যাতনের ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। অন্যদিকে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য যে সব পদক্ষেপ নিয়েছেন তার সমর্থনে আমরা অবস্থান নিয়েছি। আমাদেরও আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে।” গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগে ৩২ জনকে শিক্ষক নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন শুরু করেন বিভিন্ন দল ও মতের শিক্ষকরা। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হয়। এই হত্যার বিচার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখাসহ আট দফা দাবিতে তখন থেকেই এ পক্ষের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। গত ৪ ফেব্রুয়ারি শিক্ষক সমাজের প্রতিনিধিরা গণনিয়োগ বন্ধের দাবিতে উপাচার্য শরীফ এনামুল কবীরের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে নতুন কোনো বিভাগে নিয়োগ দেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি গণিত বিভাগে সহকারী অধ্যাপকের একটি অস্থায়ী পদে এবং প্রভাষকের দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। শনিবার সকাল ১০টায় এসব পদে নিয়োগের সাক্ষাৎকার শুরু ঠেকাতে সকাল ৮টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক সমাজের প্রতিনিধিরা। এর পরপরই উপাচার্যপন্থী শিক্ষকরাও সেখানে হাজির হয়ে অবস্থান নেন। পৌনে ১০টার দিকে খবর আসে, উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনেই সাক্ষাৎকার শুরু করা হচ্ছে। এ খবরে দুই পক্ষের শিক্ষকরাই উপাচার্যের বাসভবনের দুই ফটকে অবস্থান নিয়ে মাইকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু করেন। এই পরিস্থিতির মধ্যে সাক্ষাতকার না নিয়েই ফিরে যান সিলেকশন বোর্ডের সদস্য নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম ডি আবদুস সাত্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এহেন পরিস্থিতিতে সাক্ষাৎকার নেওয়া সম্ভব না। তাই আমাকে চলে যেতে হচ্ছে। এদিকে সাক্ষাৎকারে অংশ নিতে আসা চাকরিপ্রার্থীরা প্রথমে প্রশাসনিক ভবন ও পরে উপাচার্যের বাসভবনের সামনে উপস্থিত হলেও পরিস্থিতি দেখে বিভ্রান্ত হয়ে যান। এক পর্যায়ে খবর আসে, উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে তিন প্রার্থী দেওয়াল টপকে এবং পেছনের লেক দিয়ে নৌকায় করে উপাচার্যের বাসভবনে ঢুকেছেন। এই খবরে শিক্ষক সমাজের সমাবেশে উত্তেজনা দেখা দেয়। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন ও সম্পাদক শরীফ উদ্দিন উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। সাক্ষাৎকার দিতে আসা মিনারুল হক উপাচার্যের বাসভবনের বাইরে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসন আমাদেরকে ডেকে এনে এভাবে প্রহসন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/জেকে/১২০০ ঘ.