২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পরিবেশ প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ‘টেকসই উন্নয়নের জন্য পরিবেশগত প্রযুক্তি শীর্ষক এই সম্মেলন শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শুরু হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল (সিইই) বিভাগ এই সম্মেলনের আয়োজন করছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ও শাবির সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরী। লিখিত বক্তব্যে অধ্যাপক আকতার বলেন, তিন দিনব্যাপী এই সম্মেলনে ছয়টি মূল প্রবন্ধের পাশাপাশি ২২টি টেকনিক্যাল সেশনে ১২২টি প্রবন্ধ উপস্থাপিত হবে। তিনদিনব্যাপী এই সম্মেলনে গৃহ সামগ্রী ও গৃহ নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমিকম্প, পরিবেশ উন্নয়ন, জীব বৈচিত্র্য, পরিবেশ ও নির্মাণের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য শক্তি, পরিবেশগত কাঠামো, শিল্প বর্জ্য পরিশোধন কৌশল ও ব্যবস্থাপনা এবং দূষিত পানি পরিশোধন ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে দেশি-বিদেশি প্রায় সাড়ে তিনশ’ পরিবেশ বিশেষজ্ঞ অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুশতাক আহমদ, অধ্যাপক ড. জি এম জাহিদ হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০৬ ঘ.