চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১২ মার্চের মধ্যে উপাচার্য নিয়োগ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার সকাল ১১টায় চুয়েটের পশ্চিম গ্যালারিতে সংবাদ সম্মেলনে উপাচার্য নিয়োগের এ দাবি জানায় শিক্ষক সমিতি।
এদিকে উপাচার্য নিয়োগের দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করছে সাধারণ শিক্ষার্থীরা।
গত ২৮ জানুয়ারি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হয়। এরপর এই পদে নতুন উপাচার্য নিয়োগ হয়নি।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ সাকী কাউসার বলেন, গত ৩৮ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শূণ্য রয়েছে। এর ফলে একাডেমিক কাজে সমস্যা না হলেও, আর্থিক সব কাজ জটিল আকার ধারণ করেছে।
চুয়েটের কোনো যোগ্য শিক্ষককে উপাচার্য পদে নিয়োগ দিতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে অবিলম্বে ভারপ্রাপ্ত বা পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।
তিনি জানান, ১২ মার্চের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে পরদিন শিক্ষক সমিতির সাধারণ সভায় এ দাবিতে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হবে।
ক্লাস বর্জনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসারও আহ্বান জানান কাউসার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. ইব্রাহিম খান, স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী, পুরকৌশল বিভাগের শিক্ষক তারিকুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪২৪ ঘ.
bdnews24