ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেখকের অনুমতি না নিয়ে বই পুনঃমুদ্রণের অভিযোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান ও সাবেক পাঁচ উপাচার্যসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, ইতিহাস বিকৃতির অভিযোগে যাকে স¤প্রতি হাইকোর্ট তলব করেছিলো।
রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি হয়েছে।
শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে আগামী ৫ এপ্রিল আসামিদের আদালতে তলব করা হয়েছে।
এ মামলায় আসামিরা হলেন- সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারী, অধ্যাপক এম ফরিদ আহমেদ ও অধ্যাপক মো. রুহুল আমিন আকন্দ, বর্তমান উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ, ড. ফজলে আলী, (পরিচালক প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন), অধ্যাপক আনছারুজ্জামান (প্রক্তন ডিন), ড. আরশাদ আলী মাতব্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র বর্তমান চেয়ারম্যান), মো. আব্দুর রাহীম (সাবেক শৈলী সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান অধ্যাপক), মো. কামাল উদ্দিন (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান শিক্ষক) এবং মো. কুতুবউদ্দিন (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক)।
হারুন-অর-রশিদ বলেন, “২০০০ সালের আগস্ট মাসে আমি এবং শওকত আরা হোসেন (ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারপার্সন) মিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পৌরনীতি বইটি রচনা করি। আমাদেরকে না জানিয়ে ২০০২, ২০০৫ এবং ২০০৯ সালে বইটি পুনঃমুদ্রণ করা হয়- যাতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে।”
পুণঃমুদ্রণে বিকৃতি প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগ থেকে ‘জাতির জনক’ শব্দটি উঠিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর স্থলে জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অসহযোগ আন্দোলন, মুজিব নগর সরকার এবং ৭ই মার্চের ভাষণকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”
অধ্যাপক শওকত আরা হোসেনসহ চার জনকে মামলায় সাক্ষী করা হয়েছে।
এর আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে গত ১ মার্চ অধ্যাপক হারুনসহ ছয়জনকে হাই কোর্টে তলব করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১৮ ঘ.
bdnews24