চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য নগরীতে শুরু হয়েছে দিনব্যাপী ব্রিটিশ শিক্ষামেলা। যুক্তরাজ্যের স্বনামধন্য ২১টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে।
রোববার সকালে নগরীর পেনিনসুলা হোটেলে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
‘অ্যাডুকেশন ইউকে এক্সিবিশন ২০১২’ শীর্ষক এ মেলার আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। দিনব্যাপী এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যুক্তরাজ্যে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স, বিভিন্ন বৃত্তির খবরসহ পড়াশোনা বিষয়ক বিস্তারিত তথ্য জানার সুযোগ পাচ্ছে আগ্রহীরা।
উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র মনজুর আলম বলেন, বাংলাদেশী শিক্ষার্থীরা ব্রিটিশ ডিগ্রি অর্জনের মাধ্যমে বিদেশে ভাল চাকরি পাওয়ার সুযোগ পাবেন।
ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য তাদের ভর্তি কার্যক্রম সহজতর করারও আহ্বান জানান তিনি।
ব্রিটিশ কাউন্সিলের এ স্টল থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে যেতে আগ্রহীদের জন্য শিক্ষা ভিসা সম্পর্কেও তথ্য দিচ্ছেন ইউকে বর্ডার এজেন্সির কর্মকর্তারা।
মেলায় আসা যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি, বিপিপি ইউনিভার্সিটি কলেজ, ব্রাডফোর্ড কলেজ, ক্যামব্রিজ অ্যাডুকেশন গ্র“প, ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি, সিটি অব লন্ডন কলেজ, ডেভিড গেম কলেজ, ডে মন্টফোর্ট ইউনিভার্সিটি।
এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি, আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট লন্ডন, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, মিডলসেক্স ইউনিভার্সিটি লন্ডন, নিউক্যাসল ইউনিভার্সিটি, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন, ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম, ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, ইউনিভার্সিটি অভ গ্রিনউইচ লন্ডন, ইউনিভার্সিটি অভ হার্টফোর্ডশায়ার এবং ইউনিভার্সিটি অব নর্দাম্পটন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রোজমেরি আর্নট, হেড অব পারফরমেন্স, মার্কেটিং এন্ড কম্যুনিকেশনস রাইকা ওয়ালি খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৩৩ ঘ.
bdnews24