২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাকেন্দ্রিক উদ্ভাবনে ১৮৯ কোটি টাকা বরাদ্দ

উচ্চ শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘উদ্ভাবন প্রতিযোগিতার’ দ্বিতীয় পর্যায়ে ব্যয় হচ্ছে ১৮৯ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘উদ্ভাবন প্রতিযোগিতার’ দ্বিতীয় পর্যায়ে ব্যয় হচ্ছে ১৮৯ কোটি টাকা। কমিশন চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, এই ব্যয় হচ্ছে ২৭টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০৭টি উপ-প্রকল্পে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে অ্যাকাডেমিক ইনোভেশন রাউন্ড ফান্ডের (এআইএফ) দ্বিতীয় পর্যায়ের এ তথ্য জানান তিনি। গত তিন থেকে চার বছরে দেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ‘বিপ্লব’ হয়েছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, “শিক্ষিত লোক বাড়লেও গুণগতভাবে শিক্ষিত করে তোলা সম্ভব হয়নি বলেই বেকারত্ব বেড়েছে।” “এআইএফ প্রকল্পটি বাস্তবায়িত হলে গুণগতভাবে শিক্ষা দেওয়া সম্ভব হবে।” ইউজিসি’র পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬৮১ কোটি টাকা। প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কে আজাদ জানান, দেশের ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাতটি তাদের নিজস্ব ক্যাম্পাসে ফিরে গেছে। ১২টি বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ করেছে ও প্ল্যান অনুমোদন করেছে এবং বাকিগুলো নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য শুধু জমি কিনেছে। “যারা প্ল্যান অনুমোদন করেছে তাদের ছয় মাসের মধ্যে এবং যারা শুধু জমি কিনেছে তাদের ছয় মাসের মধ্যে প্ল্যান অনুমোদন করে এক বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফিরে যেতে বলা হয়েছে।” ইউজিসির এআইএফ’র প্রথম পর্যায়ে ২০১০ সালের ৯ ডিসেম্বর ২৫টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯১টি উপ-প্রকল্পে মোট ১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০৯ ঘ.