চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এম খলিলুর রহমান মারা গেছেন।
চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উত্তরায় নিজ বাসায় ৮৫ বছর বয়সে তিনি মারা যান। শুক্রবার বাদ জুম্মা ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে খলিলুর রহমান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
খলিলুর রহমান প্রায় ১৬ বছর চবি’র রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।
১৯৬৬ সালে চবি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন অধ্যাপক ড. এ আর মল্লিক।
খলিলুর রহমানের মৃত্যুতে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১১ ঘ.
bdnews24