ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত এ এস এম মাসুম ছাত্রলীগ সূর্যসেন হল শাখার সহ-সভাপতি। তিনি ২০০৬-০৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ।
তিনি জানান, মাসুমকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।
গত ২২ ফেব্রুয়ারি টিএসসি ক্যাফেটরিয়া থেকে বিনামূল্যে খাওয়া নিয়ে প্রতিবাদের এক ঘটনায় ইংরেজি দৈনিক ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে লাঞ্ছিত করেন মাসুম।
ওই প্রতিনিধির লিখিত অভিযোগের পর সহকারী প্রক্টর মফিজুর রহমানকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়।
ঘটনার দিন মাসুমকে ছাত্রলীগ থেকে তিন মাসের জন্য মৌখিকভাবে বহিষ্কার করা হলেও লিখিতভাবে কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৩৫ ঘ.
bdnews24